জ্বালানি তেলের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ট্যাগ অফিসাররা। একইসঙ্গে প্রতিটি পাম্পের দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন তারা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সভায় ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত এ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়ে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর বাইরে বাকি সব জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ দেবেন। অন্যদিকে উপজেলা পর্যায়ে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন উপজেলা নির্বাহী অফিসার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে