১৩৩ অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬


অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি।  আগামী এক সপ্তাহের মধ্যে সংসদের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক হয়েছে। বৈঠক  শেষে সাংবাদিকদের তথ্য জানান বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন বলেন, এসব অধ্যাদেশ জনস্বার্থ ভবিষ্যৎ প্রেক্ষাপটে কতটুকু কার্যকর, সেটা যাচাইয়ের জন্য সংসদ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে। এ নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে। কমিটির কাজ দ্রুত শেষ করতে বুধবার আবারও দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানান সভাপতি।

কমিটির সভাপতি জানান, কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হলে প্রয়োজনে আরও বৈঠক করা হবে। তবে  এপ্রিলের আগেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে সংসদের কাছে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর