দেশের সব স্কুল, কলেজ, মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এ পদে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা যোগ্য ও দক্ষ মানুষদেরই এ কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে চাই।
বিগত সরকারের সময়ের বিধানের কথা তুলে ধরে মন্ত্রী জানান, সেখানে বলা হতো সিনিয়র শিক্ষক হতে হবে বা হেডমাস্টার হতে হবে। ফলে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত। বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে