ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে এ ভাষণের শুরু হওয়া আগেই বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ শুরু করেন। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে ওয়াক আউট করেন তারা।
প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন চলাকালে বেলা ৩টা ৪০ মিনিটে সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমণ বার্তা ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিক্ষোভ শুরু করেন বিরোধী সদস্যরা। বিক্ষোভের মধ্যে বিউগলের সুর বেজে ওঠে ও অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
অধিবেশন কক্ষে স্পিকারের ডান পাশে রাখা নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। তখন জাতীয় সংগীত বেজে ওঠে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। এসময় সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাড়িয়ে যান। জাতীয় সংগীত পরিবেশন শেষে নির্ধারিত আসনে বসেন রাষ্ট্রপতি।
এদিকে জাতীয় সংগীত পরিবেশনের পর প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন জামায়াত-এনসিপি জোটের সদস্যরা। তারা ‘খুনী’, ‘কিলার চুপ্পু’, ‘ফ্যাসিস্ট চুপ্পু’, ‘গেট আউট চুপ্পু’ বলতে থাকেন। তাদেরকে সংসদের শৃখলা বজায় রাখতে বারবার অনুরোধ জানান স্পিকার। আর রাষ্ট্রপতি তার জন্য নির্ধারিত ভাষণ ডায়াসের সামনে দাড়িয়ে থাকেন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, ‘ফ্যাসিবাদ-গণতন্ত্র এক সাথে চলবে না’, ‘ফ্যাবিবাদের দোসররা, হুশিয়ার সাবধান’,। তারা টেবিল চাপড়ে ও চিৎকার করতে থাকলে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় চার মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। এরমধ্যেও বিরোধী দলের বিক্ষোভ চলতে থাকে। এক পর্যায়ে শ্লোগান দিতে দিতে বেরিয়ে যান বিরোধী দলীয় সদস্যরা। পরে রাষ্ট্রপতি তার নির্ধারণ ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন মূলতবি করেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে