ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। এ অধিবেশনে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ নিয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি সিদ্ধান্ত হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩ অধ্যাদেশ বিষয়ে। অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও ১৩৩ অধ্যাদেশ বিষয়ে কী সিদ্ধান্ত হয় সংসদে, সেটা দেখতে অধিবেশনের দিকে তাকিয়ে থাকবে দেশের মানুষ।
অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে বুধবার (১১ ফেব্রুয়ারি) সংসদ ভবনে আলাদা সংসদীয় দলের বৈঠক করেছেন সরকার ও বিরোধীদলীয় এমপিরা। অধিবেশন শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন- সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন চান জামায়াত ও এনসিপিসহবিরোধীদলীয় সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মূলত মতবিরোধ দেখা দিয়েছে।
বিএনপির সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণতা এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকে সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে জুলাই সনদের কথা বলে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি।
ওদিকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই সনদেই আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক। এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।
সংসদের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে এ অধিবেশন কত দিন চলবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে সময়কাল ঠিক হবে। অধিবেশনের প্রথম বৈঠকের শুরুতেই সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। এ বক্তব্যের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বক্তব্যে কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন সংসদ নেতা। এরপর তাঁর সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে