অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্য আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর যারা ইতোমধ্যে অপরাধে জড়িয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে। কখনো একক ভাবে আবার কখনো যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে ঢাকার আদাবর ও সিরাজগঞ্জ এলাকা থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের দেওয়া তথ্যানুযায়ী, এসব অস্ত্র চট্টগ্রাম এলাকা থেকে ঢাকায় আনা হয়। পরে সেগুলো পাবনা অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, পাবনা-কুষ্টিয়া অঞ্চলে চরাঞ্চল রয়েছে। এ চরাঞ্চল দখল নিয়ে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন চরমপন্থি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে। এসব অস্ত্র এ অঞ্চলের বালু মহালে আধিপত্য বিস্তারে ব্যবহারের আশঙ্কা রয়েছে।
সুন্দরবনে র্যাবে কাছে আত্মসমর্পণ করা জলদস্যুরাও আবার অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে মানুষের অপরাধ জগতের বিচরণ বা প্রত্যাবর্তন। সুন্দরবনের জলদস্যুদের বিষয়টি লক্ষ্য রাখা হয়েছে। আমাদের তৎপরতা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যাদের প্রত্যাবর্তন করানো হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল, স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায়। এ দস্যু জীবনে আবার তারা যাতে ফেরত না আসে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান প্রসঙ্গে ইন্তেখাব চৌধুরী বলেন, এ অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ সদস্য অংশ নেন। এতে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান তৈরির পাইপ, ৩০টি পিস্তলের ম্যাগজিন, ৬১টি কার্তুজ, ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে