দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপের সঙ্গে ও বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে বিরোধী দলের ৩ সদস্যদের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি অংশ নেন। বৈঠকে উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ আমরা। বৈঠকটি সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে