জনগণের কাছে জবাবদিহি করতে চাই আমরা- প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চায়। যে সরকার জনগণ দেশের জন্য কাজ করবে। জনগণের কাছে জবাবদিহি করতে চাই আমরা।

মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, এ সরকার জনগণ নির্বাচিত করেছে, কাজেই স্বাভাবিকভাবে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।

রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান থেকে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কড়াইল, ভাসানটেক সাততলা এলাকায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে।  পর্যায়ক্রমে দেশে যে কোটি পরিবার রয়েছে, তাদের সবার কাছে আগামী বছরে ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হবে বর্তমান সরকার।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম- আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি আমরা। ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। যে কোনো মূল্যে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর