দেশে বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেওয়া হচ্ছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে চালু করা হবে। বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকায় সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি ৬ থেকে ১৪ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।
বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। এ জন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হওয়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭ হাজার ২০০ জন কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে