ভোট দলীয় বা জাতীয় প্রতীকে হবে কি না, সে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দলীয় বা জাতীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে স্থানীয় সরকারের ভোট গ্রহণের বিধান সংক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে তোলা হবে। সংশোধনীটি সংসদে গৃহীত হলে মন্ত্রণালয়ের মাধ্যমে আইন আকারে আবার সংসদে তোলা হবে। আইন পাস হওয়ার পরই নির্বাচনের প্রস্তুতির পরবর্তী ধাপে যাওয়া হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়। এ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা আছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় বা জাতীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে ভোট গ্রহণের বিধান করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে আর কোনটি করবে না, সে বিষয়ে সেদিনই সিদ্ধান্ত হবে। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে