প্রস্তুতি চলছে স্থানীয় সরকার নির্বাচনের

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬


স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে প্রস্তুতি চলছে। প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন পৌরসভার বর্তমান অবস্থা জানতে চেয়ে দেশের সব জেলা প্রশাসককে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন  আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে। পাশাপাশি পৌরসভার নির্বাচনও আয়োজন করতে চায় সরকার।

জানা গেছে, সম্প্রতি ডিসিদের কাছে পাঠানো চিঠিতে ইউনিয়ন পৌরসভার বিষয়ে  ১০টি বিষয় জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা-উপজেলার নাম, ইউনিয়ন পৌরসভার নাম, সর্বশেষ নির্বাচনের তারিখ, প্রথম পরিষদ সভার তারিখ, পরিষদের মেয়াদোত্তীর্ণের তারিখ, বর্তমানে কে দায়িত্ব পালন করছেন, কোনো আইনি জটিলতা আছে কিনা, সীমানা বিরোধের ব্যাপারে কোনো মামলা আছে কিনা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন-পৌরসভা নির্বাচন উপযোগী কিনা।  এসব তথ্য পাওয়া গেলে ধাপে ধাপে নির্বাচনের আয়োজন করা যাবে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর সব মেয়র কাউন্সিলরকে বরখাস্ত করা হয়। নিয়োগ দেওয়া হয় প্রশাসক। কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দায়িত্ব নেওয়ার পর দায়িত্বশীলদের ইউনিয়ন পৌরসভার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা। এরপরই ইউনিয়ন ও পৌরসভার হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয় ডিসিদের।

জানা গেছে, ২০২১ ও ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে চার হাজার ৫৭৮টি ইউনিয়নের মধ্যে চার হাজার ৫৭১টিতে নির্বাচন হয়। বাকি ৭টিতে  সীমানা মামলাজনিত জটিলতার কারণে নির্বাচন হয়নি।  প্রথম ধাপে ২০২১ সালের ২১ জুন ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। এসব পরিষদের মেয়াদ আগামী জুলাইয়ের মধ্যেই শেষ হবে। এরপর ২০২১ সালের নভেম্বর ডিসেম্বরে হওয়া ইউনিয়নগুলোর মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এছাড়া ২০২২ সালের বিভিন্ন সময়ে যেসব ইউনিয়নে নির্বাচন হয়, সেগুলোর মেয়াদও ধাপে ধাপে শেষ হবে।

ইউনিয়ন পরিষদের বেশির ভাগ চেয়ারম্যান আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ায় জুলাই অভ্যুত্থানের পর থেকে তাদের অনেকে আত্মগোপনে রয়েছে। এ সংখ্যা কত তার সঠিক তথ্য জানা যায়নি। এদিকে ২০২১ সালে দেশের ৩৩০টি পৌরসভায় নির্বাচন হয়। সেগুলোতেও  নির্বাচন আয়োজন করতে চায় সরকার। কারণ জনপ্রতিনিধি না থাকায় প্রশাসক দিয়ে পরিচালনা হচ্ছে পৌরসভা। এতে নাগরিক সেবা নানাভাবে বিঘ্নিত হচ্ছে।

সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠান হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ হবে জাতীয় সংসদ থেকে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর