দেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এ দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা।
ইফতারে দাওয়াত দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি- আমাদের আগামী দিনের কাজগুলো হবে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’
কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে দেশে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। তিনি আরও বলেন, এ ত্যাগের মাধ্যমেই, এ আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি আমরা। সেজন্য প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। খবর বাসস
বিডি২৪অনলাইন/এনএন/এমকে