তথ্য মন্ত্রণালয়ের প্রথম দফায় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ ২৪ অনলাইন ডট কম- এর উপদেষ্টা সম্পাদক আলী আহমদসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫। অনুবাদে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে বাংলা একাডেমি। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলা একাডেমি। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- এর ‘প্রস্তাবক কমিটি’ র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’অনুমোদন করেছে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ।
পুরস্কারের জন্য মনোনীত বাকি ব্যক্তিরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
আলী আহমদের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়ার গ্রামে। তাঁর বাবার নাম মমতাজ উদ্দিন আহমদ, মায়ের নাম হাসিনা বানু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করেন, সিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরিকালীন সময় থেকেই অনুবাদের সঙ্গে জড়িত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য থাকাকালে অবসরে যান বরিশালের এ কৃতি সন্তান।
আলী আহমদ দেশি-বিদেশি কথাসাহিত্য অনুবাদের সূত্রে খ্যাতিমান সমালােচনাও লিখে থাকেন। তিনি বাংলাদেশের সেইসব বিরল অনুবাদকের একজন, যিনি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা- দুই ধারাতেই অনুবাদ করে থাকেন। প্রায় তিন দশক ধরে এ দুই ধারাতে অনুবাদ করে অনুবাদ-সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।
বিদেশি বইয়ের মধ্যে আলী আহমদ যেসব বই অনুবাদ করেছেন, তার মধ্যে বেশিরভাগ লেখকই পুরস্কারপ্রাপ্ত। তাঁর উল্লেখযোগ অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে- বারো অভিযাত্রীর কাহিনী (লেখক-গাব্রিয়েল গার্সিয়া মার্কেস), প্রেম ও অন্যান্য দানব (লেখক- গাব্রিয়েল গার্সিয়া মার্কেস), শিকার ও অন্যান্য গল্প (লেখক-কেনজাবুরো ওয়ে), চোর ও সারমেয় সমাচার ( লেখক- নগীব মাহফুজ), হে সুন্দর হে বিষন্নতা (লেখক- ইয়াসুনারী কাওয়াবাতা), খোঁজ ( লেখক- নগীব মাহফুজ), পাস্কুয়াল দুয়ার্তের পরিবার (লেখক-কোমিলো হোসে সেলা), মৎস্য রাজকুমারী ( লেখক- হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন), নোবেলজয়ীদের ছোটগল্প, বিশ্বসাহিত্যের আঙিনায়, বিশ্বসেরা ছোটগল্প, আমার সাক্ষ্য, পাখির গান ( লেখক- রুমানা আহমেদ) ও বাংলা মুসলিম গ্রন্থপঞ্জি , স্বপ্নগিরি (লেখক- ডেরেক ওয়ালকট)।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে