সরকার প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না। আমাদের সব ইস্যু আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করবো। আগামী দিনে অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব আমরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান তিনি।
সরকারের মোটো হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সবার ওপরে থাকবে বাংলাদেশ। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না। আমাদের নীতিমালা পারস্পরিক স্বার্থ, ন্যাশনাল ডিগনিটি ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে হবে।
তিনি জানান, এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থাশীল। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তারা। আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো বলে আশা করছি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে