মাঠ পুলিশকে কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬


দেশে চাঁদাবাজি, ছিনতাই মাদক প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে কোনো মূল্যে বজায় রাখতে হবে স্বাভাবিক আইনশৃঙ্খলা। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধে জড়ালে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এদিন ঢাকায় পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপারদের সঙ্গে  ভার্চ্যুয়াল সভা করেন আইজিপি। সেই সভা থেকে নির্দেশনা দেন তিনি।

সম্প্রতি কিছু কিছু জায়গায় দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মাঠে নামার চেষ্টা করেছে। দলীয় কাযালয় খোলা, ঝটিকা মিছিল করার খবরও পাওয়া গেছে।

সভায় আইজিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেক্ষেত্রে কোনো ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

মহাসড়কে যানবাহনে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছেন আইজিপি। তিনি বলেন, যে কোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর