নেতৃত্বে তারেক রহমান

নতুন বাংলাদেশে প্রথম সরকারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৬


জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে প্রথমবারের মতো নির্বাচিত সরকার যাত্রা শুরু করেছে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশ- এর বেশি আসন জিতে নতুন সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে তার সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।  মন্ত্রিসভার ৪০ জনই নতুন মুখ। এতে স্থান পেয়েছেন সাবেক ছাত্রনেতারাও।  বিএনপির মিত্র দলের ২ জনকে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর দায়িত্ব। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাহাড়সম অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু হলো নতুন সরকারের। আর এ নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করলো বিএনপি। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণকারী মন্ত্রীরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জেড এম জাহিদ হোসেন, . খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীরা হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যরিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

দেশের ইতিহাসের দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানসহ ১৩টি দেশের বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট . মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভারতের লোকসভা (পার্লামেন্ট) স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য গণমাধ্যমমন্ত্রী . নালিন্দা জয়তিস্সাসহ বিভিন্ন দেশের নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- অন্তর্র্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, সিনিয়র সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী . জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর