গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ ও ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিতে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি থেকে সংশ্লিষ্টদের ইতোমধ্যে পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ ড্রোন মোতায়েন করবে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এ সংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী ও সংস্থা কাজ করছে। তবে জাতীয় নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।
নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার স্বার্থে বিমান বাহিনী, র্যাব ও বিজিবি নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। এসব ড্রোনের ‘লাইভ ফিড’ নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে চিঠিতে। চিঠিতে আরও জানানো হয়েছে- বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রদানের ব্যবস্থা করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে