শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলন এখন চলছে না

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৬


দেশের পোশাক খাতে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠনের, সেটি গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যথা-শিগগির সম্ভব  ন্যূনতম মজুরি নির্ধারণ করে সেটি ঘোষণা হতে পারে।

 

সোমবার (২ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের জন্য শ্রমিকরা কখনো সড়ক-মহামসড়ক অবরোধ করেনি।  যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান,  শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে  ইতোমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে।  সম্ভাব্য খুব স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন। আশা করি, তারা সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম মজুরি ঠিক করতে পারবেন।

 

প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার বিষয়টি স্মরণ করে দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের যেন স্বার্থ সংরক্ষণ হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন হয়। শ্রমিকদের বিষয়গুলো যেন অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হয়।

 

বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারিত হবে, এখানে অসন্তোষের কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন,  তারা বলেছেন—কিছু শিল্প মালিক আছে এবং শিল্প কারখানা আছে, যারা উদ্দেশ্যমূলকভাবে শিল্প কারখানা বন্ধ করেছে। তাদের তালিকা আমাদের দেবেন তারা। এ ছাড়া কিছু কিছু শ্রমিক নেতা এখানে অস্থিরতা সৃষ্টির জন্য পাঁয়তারা করছে, সেসব সংগঠন এবং নামের তালিকাও তাদের সরবরাহ করতে বলেছি। কোনো শ্রমিক এবং কোনো শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থবিরোধী কোনো কাজে লিপ্ত থাকতে পারেন না বলেও বিশ্বাস করেন মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর