২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর- এই ৬ বছর ৯ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এ সময়ে সড়ক দুর্ঘটনায় পথচারী হিসেবে মারা গেছে ২ হাজার ৮১২ শিশু। সড়কে অব্যবস্থাপনা, অসচেতনতা ও শিশুবান্ধব পরিবহনব্যবস্থার অভাব এসব মৃত্যুর অন্যতম কারণ।
বুধবার (২১ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়, সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুরা। এ বয়সসীমার মধ্যে নিহত হয়েছে ৩ হাজার ৫৪৭ জন। এছাড়া ছয় থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ জন এবং পাঁচ বছর বা তার কম বয়সী ১ হাজার ৫৩২ শিশু প্রাণ হারিয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গ্রামীণ সড়কে, নিহত হয়েছে ২ হাজার ৭১৩ শিশু।
গ্রামীণ এলাকায় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া সড়কগুলোতে যানবাহন চলাচলে নিয়মের যথাযথ প্রয়োগ ও নজরদারির ঘাটতি শিশুদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, সড়ক ব্যবস্থাপনায় এসব দুর্বলতা দূর করা না গেলে শিশুদের দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখা কঠিন হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে