শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬


এবার দেশের ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। পূজা কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পরস্পরের সমন্বয়ের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন পূজা কমিটির সদস্যরা। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে পূজার সার্বিক বিষয়ে বিশেষ নজর রাখছে সরকার।  স্বাধীনতার পর এবারই সরকার থেকে সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে।

পূজায় সরকারের বিশেষ নজর রাখা ও অনুদান দিয়ে সহযোগিতা করার বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। আর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হওয়ার তথ্য জানানোসহ প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৭ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার  তামাককান্দা গ্রামে মন্ত্রীর বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এবং সন্ধ্যায় রাজধানী ঢাকার প্রখ্যাত ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আইজিপি এ নিয়ে কথা বলেন।

দেশে পূজাকে ঘিরে গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন  আইজিপি। তিনি বলেন,  কিছু মানুষ পূজাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে সবাইকে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে। আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই- যোগ করেন পুলিশ প্রধান।

ওদিকে এবারের দুর্গাপূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার মানুষ। তার নেতৃত্বে দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর