দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে গুলি করার জন্য, পুলিশ সুপারকে সাংবাদিক আলিফ

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
১৭ অক্টোবর ২০২৬


নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির প্রায় এক বছর আগে দুর্বৃত্তদের হামলায় নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছিলেন পুলিশ সুপারকে। তিনি বলেছিলেন,  '‘দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে আমাকে পেলে গুলি করার জন্য।'

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে ৬টি গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপরেই তার দেয়া  ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বছরের নভেম্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন। সেই মতবিনিময় অনুষ্ঠানে প্রকাশ্যে  আশঙ্কার কথা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী ও চোরাকারবারি ৮টি গ্রুপের কথাও উল্লেখ করেছিলেন।  পাশাপাশি বিভিন্ন অপরাধের বিষয়ে অবহিত করেন পুলিশ সুপারকে।

ওই অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমি আপনার এখানে এখন যে বসে আছি, আমার কাছে ম্যাসেজ যাচ্ছে আসছে- তারা রাস্তায় বসে আছে দুইটা অস্ত্র নিয়ে। একটা নাইন এমএমে পাঁচটা গুলিসহ তারা বসে আছে। আমি যাওয়ার সময় গুলি করবে। যদিও আমি আজকে যাব না।’

তিনি আরও বলেন, ‘আমি অর্গানাজড ক্রাইম নিয়ে কাজ করি। এই জেলায় দুর্ধর্ষ ও সশস্ত্র যেসব গ্রুপ আছে, তাদের নিউজ আমি করে থাকি। মাদক থেকে শুরু করে সব। এই জেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো দুর্গাপুর ও কলমাকান্দা। এখানে চোরাচালানের সঙ্গে সংঘবদ্ধ ৮টি গ্রুপ আছে, তারা অস্ত্র বহন করে। ককটেল, বিস্ফোরক, মাদকসহ সব কিছুই করে তারা।’

 

এসপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই আসামিদের যদি ধরা না হয়, তাহলে সবাইকে সাক্ষী রেখে বলছি, হয় আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, না হয় তাদের চেয়ে বড় সন্ত্রাসী হতে হবে। এই সিদ্ধান্তটা এখন আপনাদের নিতে হবে।’

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘উপজাতি শ্বশুরবাড়িতে আমার সন্তান হওয়ার কারণে আমি সেখানে আছি। কিন্তু যে কোনো সময় সে উপজাতির বাড়িতেও তারা আগুন জ্বালিয়ে দিতে পারে। কালকেও চেষ্টা করেছিল পারে নাই। এই নিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টাও হতে পারে।’

সাংবাদিক আলিফ ফকিরকে  হত্যার ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাত ৮ জনকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা করেছেন।  বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলার’ নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন লুৎফুজ্জামান আলিফ ফকির।  তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি মাদক কারবার ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধ নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। তার পৈতৃক বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর