১৩ বছর পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে পুনরায় যোগদান করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। রোববার (২০ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত সুপার আব্দুল খালেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসানের কাছে থেকে যোগদান সংক্রান্ত চিঠি পান তিনি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের প্রথম এমপিওভুক্ত মাদ্রাসা হিসেবে পরিচিত চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসারই প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নুরুজ্জামান। তিনি ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটির সুপার পদে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠত্ব অর্জন করে।
এদিকে ২০১৩ সালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলতে থাকে। গত ২৪ জুন মাদ্রাসা শিক্ষা বোর্ডে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরখাস্তের আবেদন খারিজ করা হয়। পরে উচ্চ আদালত গত ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারকে এক মাসের মধ্যে মোহাম্মদ নুরুজ্জামানকে মাদ্রাসায় যোগদানের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে তার যোগদানের আবেদন অনুমোদন করা হয়।
দায়িত্ব বুঝে নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুজ্জামান জানান, দীর্ঘ সময় পর নিজ প্রতিষ্ঠানে ফিরতে পেরে তিনি আনন্দিত। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি২৪অনলাইন/সি/এমকে