রাবি শিক্ষককে গ্রেফতার না করায় সংবাদ সম্মেলন

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
০৭ অগাস্ট ২০২৬


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এনামুল হককে   এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। নিজের স্ত্রীকে  জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা ও হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মতিহার থানায় দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায় মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজশাহী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিভাবক আব্দুল হাকিম এ ক্ষোভ প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলা হওয়ার ১৭ দিন পেরিয়ে গেলেও   আসামিকে গ্রেফতার করা হয়নি। মূলত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকারের  গাফিলতির কারণে  আসামি অধরা রয়েছে। এ ছাড়া মামলার তদন্ত বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিচার পাওয়া নিয়ে ভুক্তভোগী পরিবারের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৪ জুলাই রাতে ৭ জন সহযোগীকে সঙ্গে নিয়ে নগরীর কাজলা অক্ট্রয় মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে তুলে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। স্থানীয়রা এ ঘটনার ভিডিও ধারণ করে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। এ ঘটনায় গত ১৯ জুলাই মতিহার থানায় দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায় মামলা (নং-১৪)করা হয়।

অভিযুক্ত শিক্ষক এনামুল হক বলেন, "মামলা হয়েছে, থানা ও আদালত বিষয়টি দেখবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।" এর বেশি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকার জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে।

মতিহার থানার অফিসার ইনচার্জ অঞ্জুন বলেন, আমি কেবল যোগদান করেছি এ থানায়, বিষয়টির ব্যাপারে আামি তেমন একটা জানি না।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর