নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজার সংলগ্ন রানীগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি বছরের ৬ মাস জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয় শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা। জলাবদ্ধতার কারনে শিশুরা প্রায়শ: পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ব্যহত হচ্ছে শারিরিক ও মানসিক বিকাশ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২৩৮ জন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, প্রায় পুরো মাঠে জমে আছে পানি। যেখানে অল্প পানি সেখানে জন্মেছে আগাছা। কাঁদা-জল আর শ্যাঁতশ্যাঁতে অস্বাস্থ্যকর মাঠটি এখন আগাছা,ময়লার ভাগাড় ও মশার প্রজনন কেন্দ্র।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনের নালা ভেঙ্গে যাওয়ার কারনে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয় ও মাঠ তুলনামুলক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই চারদিকের পানি এসে মাঠে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠের দুরবস্থার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ আছে।
রানীগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ‘মাঠটি কাঁদাজলে ডুবে থাকার কারণে শিশু শিক্ষার্থীদের নিয়ে ভয় ও শঙ্কায় থাকতে হয়। অনেক সময় তারা পড়ে গিয়ে পোশাক ও বই খাতা নষ্ট করে ফেলে। ক’দিন টানা বৃষ্টি হলে শ্রেনীকক্ষে পানি ঢুকে পরে। এতে দুর্ভোগ পৌছে চরমে। বর্ষার ক’মাস শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে। রয়েছে ভবন সংকট। পুরাতন অধাপাকা টিনশেড ঘরটির চালা ফুটো। সমান্য বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক।’
পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী মিতু খাতুন,মো.সিয়াম,মিফতাহুল জান্নাত কথা জানায়, মাঠটি কাঁদাজলে ডুবে থাকায় অ্যাসেম্বলি ও খেলাধুলা করতে পারছে না। সহপাঠীদের সঙ্গে ক্লাস বন্দি থাকতে হয় তাঁদের। শ্রেনীকক্ষেরও টিনের চালা ফুটো। বৃষ্টি এলে ভিজে বই,খাতা,পোশাক। ভবন নির্মান ও দ্রুত মাঠটি ভরাট করার দাবি তাদের।
এসএমসি সভাপতি মো. আব্দুল্লাহ মুঠো ফোনে জানান,জলাবদ্ধতার নিরসনে শিক্ষকদের সাথে আলোচনা করা হয়েছে। সংসদ সদস্য আব্দুল আজিজ মহোদয়কে জানানো হলে তিনি বালি ভরাটের মাধ্যমে মাঠ সংস্কারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান,তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি আবগত নন। দ্রুততম সময়ে বিদ্যালয়টি পরিদর্শন শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘বিদ্যালয় মাঠটি সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে শিশু শিক্ষার্থীদের শারিরিক ও মানষিক বিকাশের ব্যবস্থা করা হবে।’
বিডি২৪অনলাইন/সি/এমকে