পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না- জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, জনস্বার্থে এ রিট করা হয়েছে। এর আগে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে নোটিশ পাঠিয়েছিলেন তিনি।
রিটে
আবেদনে বলা হয়, ইসলামসহ বিভিন্ন
ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার
বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু একটি
আইনি প্রক্রিয়া হলেও ময়নাতদন্তে নারী মরদেহে পুরুষের স্পর্শ বা উপস্থিতি অনেক
পরিবারের জন্য সংবেদনশীল বিষয়। অতীতে মৃত নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। তাই নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের গোপনীয়তা ও মর্যাদা আরও
ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে। মানবাধিকার
সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। নারীরা বর্তমানে সব ক্ষেত্রেই দায়িত্ব
পালন করছেন, তাই এ পেশায়ও নারী
নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে