শিক্ষামন্ত্রীর
পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আড়ালে পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে কেউ কেউ। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেককে দেখা যায়- ছাত্রই না, পরীক্ষার্থী না। আন্দোলনের
পেছনে যেই থাকুক সামনে আছে সরকার। আন্দোলনের মাধ্যমে
এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার
শুনতে প্রস্তুত থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ীই গ্রহণ করা হবে পরীক্ষা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শিক্ষার্থীরা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ও সরকারকে জানিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রীও তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বলার কিছু নেই। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
এগুলো নিয়ে সরকার খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে জানান মন্ত্রী। তিনি জানান, দেখা গেছে, দুই-একটি জেলায় এবং ঢাকায় দুই-একটি স্পটে, তাদের সংখ্যা বেশি না। মিডিয়াতে আসার কারণে বিষয়টি হয়তো গুরুত্ব পাচ্ছে, এগুলো মনোযোগ দিচ্ছে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক—সরকার চায় না সেটা। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী ফ্যাসিবাদের সময় ঢালাওভাবে জিপিএ ৫ এবং অটোপাশের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরিক্ষা স্থগিত, বিনা পরীক্ষায় পাশের মতো অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল। কিন্ত শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এ রকম কোন কাজ অ্যালাউ করবে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত
না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। এ সময় সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে