দেশে সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু ও ৩৯ জন আহত হয়েছেন। এছাড়া ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৭টি জেলা বর্তমানে বন্যায় কবলিত হয়ে পড়েছে। বন্যাকবলিত জেলাগুলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিসংখ্যানে
জানা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়, সেখানে ৩১ জন মারা
গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে
৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং
মৌলভীবাজারে ১ জনের মৃত্যু
হয়েছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত মানুষদের জরুরি আশ্রয় দেওয়ার জন্য সরকারিভাবে মোট ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে