সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণসহ সেগুলোর রক্ষণাবেক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু । তিনি বলেন, স্যাটেলাইট, জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি এবং জাতীয় ট্রি ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি গাছের অবস্থান ও টিকে থাকার হার পর্যবেক্ষণ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে বন অধিদপ্তর দেশের বৃক্ষহীন এলাকা, সড়ক, খাল, বাঁধ ও উপকূলীয় অঞ্চলে ১ কোটি ৫০ লাখ দেশীয় প্রজাতির চারা রোপণ করছে। জবরদখলমুক্ত করা ৪ হাজার ৮০০ হেক্টর বনভূমিতে নতুন বনায়ন করা হচ্ছে। এরইমধ্যে ৮৩ লাখ ৩২ হাজার চারা রোপণ করা হয়েছে। এটা চলতি বছরের লক্ষ্যমাত্রার প্রায় ১৭ শতাংশ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে