এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি হবে, এ আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য।
এদিকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সাময়িক বন্ধ থাকা ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। একইভাবে ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ’ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
যেসব আবেদন অনলাইনে করা যাবে, সেগুলো হার্ডকপিতে গ্রহণ করা হবে না। স্থগিত থাকা ছয় ক্যাটাগরির সেবা পুনরায় কবে চালু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন পরে নির্দেশনা দেবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে