পুলিশের পোশাকের রঙে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬


দেশে পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। চলতি জুলাইয়ের শুরু থেকে  জেলা ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল ও মহানগরের ক্ষেত্রে হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

রাজধানী ঢাকায় পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন পোশাকের ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।

এর আগে জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তন আনা হয়। পরিবর্তিত পোশাকের রঙ হিসেবে  লোহা-ধূসর রঙের শার্ট এবং কফি-বাদামি ধূসর রঙের প্যান্ট পায় পুলিশ। সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকায় বর্তমান সরকার  পুনরায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর