৪ মাসে আরও এক লাখ টাকার বেশি ঋণ

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬


বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। সেই ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে ২৪ লাখ কোটি টাকায়। ক্ষমতা গ্রহণের পর মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে সরকার।

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ প্রসঙ্গে টেনে আনেন তিনি।

 

সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।  টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩০ লাখ কোটি টাকা। এত বিশাল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়ে যাওয়ায়  দেশের অর্থনীতি এখন একটি শূন্য বা খালি পাত্রের মতো হয়ে গেছে, কোনও টাকা-পয়সা নেই।  বিষয়টি আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি দেশের ঋণের পরিমাণ কতটা বেড়েছে।  এ সময় সরকারের চার মাসে দেশকে এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলার কথা উল্লেখ করেন তিনি।

খেলাপি ঋণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন,  আমাদের লাখ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে আটকে আছে। এমনকি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, খেলাপি ঋণের ইস্যু নিয়ে আটকে  থাকায় এ সংসদের দুজন সংসদ সদস্য এখনও শপথ নিতে পারেননি।  অথচ এখনো পর্যন্ত সরকারি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ খেলাপি ঋণের বিষয়টি দেশের অর্থনীতিকে একটি পঙ্গু অবস্থায় নিয়ে গেছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর