মন্ত্রী-এমপিদের আচরণে অসন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬


জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে গল্প বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে এ অসন্তোষ প্রকাশ করা হয়।

স্পিকার বলেন,, রাষ্ট্রীয় যে কোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার অজুহাতে সংসদ এড়িয়ে যেতে পারেন না মন্ত্রীরা। তাদের যথাসময়ে সংসদে এসে সংসদ সদস্যদের বক্তব্য শোনার এবং প্রয়োজনে প্রতিকার করার কড়া নির্দেশনা দেন তিনি।

বিরোধীদলীয় নেতা . শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেন, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের মন্ত্রণালয় নিয়ে সদস্যরা এলাকার দাবি-দাওয়া বা অভিযোগ তুলে ধরেন, তারা উপস্থিত থাকেন না। একই সঙ্গে সংসদ চলাকালীন অধিবেশন কক্ষের ভেতরেই চার-পাঁচজন মিলে ছোট ছোট গ্রুপে আলাদা বৈঠক বা আলোচনার কারণে সংসদের পরিবেশ শৃঙ্খলা নষ্ট হয়। এসব বিষয়ে  তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর স্পিকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে আলোচনা করা এবং ফ্লোর ক্রসিং বন্ধের কড়া নির্দেশনা দেন। সংসদের শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর