মেজর জেনারেল জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬


শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তার বোন নাজনীন নাহার আসামিপক্ষের আইনজীবী প্যানেলে রয়েছেন। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে সময়ক্ষেপণের চেষ্টা করেন।  কখনও আইনজীবীর অসুস্থতা বা মৃত্যু, কখনও বিভিন্ন কাগজপত্র চেয়ে ট্রাইব্যুনালে আর্জি জানাচ্ছেন। বিচার বিলম্বিত করতে এভাবেই শুনানির কার্যক্রম স্থগিত করতে চান তিনি।

সোমবার (২২ জুন)  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় রোববার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল। তাকে জেরার জন্য আজকের দিন নির্ধারিত ছিল। কিন্তু জিয়াউল আহসানের পক্ষে তিন-চারটি আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার। এর মধ্যে একটি ছাড়া বাকিগুলোর বিরোধিতা করেছি।

তিনি বলেন, আসামির সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়া হয়েছে, যা একজন আইনজীবীর অধিকার। এ ব্যাপারে অনুমতি দেন ট্রাইব্যুনাল। বাকি আবেদনগুলো একেবারেই অপ্রাসঙ্গিক ছিল। তিনি বলেন, তারা ট্রাইব্যুনালে এসে শুধু সময় চাইতে থাকেন। এটা খুব ভালো লক্ষণ নয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর