জ্বালানি তেল বিষয়ে জনদুর্ভোগ লাঘব এবং বর্তমান চাহিদা বিবেচনায় দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ সিদ্ধান্তের ফলে সোমবার (২০ এপ্রিল) থেকে চলতি মাসের গড় বিক্রির ভিত্তিতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। বিপিসির তিন বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনাকে বর্ধিত হারে তেল সরবরাহের নির্দেশ দিয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, বিপিসির নতুন সিদ্ধান্তের ফলে সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৫১১ টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ টন অকটেন বাজারে সরবরাহ করা হবে। এর আগে ফিলিং স্টেশনগুলোত দৈনিক ডিজেল ১১ হাজার ৮৬২, অকটেন ১ হাজার ১৮৫ টন ও পেট্রোল ১ হাজার ৩৭৪ টন সরবরাহ করা হতো।
বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে বিক্রি হয়েছে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি তেল। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল ডিজেলের, পরিমাণ ২ লাখ ৮২২ টন। এর বাইরে পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন এবং অকটেন ২০ হাজার ৪১২ টন বিক্রি হয়েছে।
এদিকে বৈশ্বিক পরিস্থিতিতে গত শনিবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে