একটি বেসরকারি প্রতিষ্ঠানের এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। সংকট দ্রুত কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার। আগামী সপ্তাহ থেকে এ সংকট কিছুটা কমতে পারে।
বিষয়টি জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলাপকালে চলমান সংকটের কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, গত সপ্তাহ থেকে গ্যাস সংকট শুরু হয়েছে। সময়ের সঙ্গে এর তীব্রতা বেড়েছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা যাচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট এবং বাকি অংশ আমদানিকৃত এলএনজি থেকে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন স্বাভাবিক থাকলেও এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এ বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে আমদানিকৃত গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ এনে মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ ৫০ শতাংশ পর্যন্ত স্বাভাবিক হবে। পরবর্তী সপ্তাহে পূর্ণ সক্ষমতায় সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে