বৈঠকে বসছে বাংলাদেশ ও ইইউ

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী ঢাকায়  মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুতে জোর দেওয়া হতে পারে। আর ইইউ অনিয়মিত অভিবাসন ইস্যুতে গুরুত্ব দি‌তে পা‌রে। বাণিজ্য ও অভিবাসনের পাশাপাশি মানবাধিকার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রযেছে। ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

জানা গে‌ছে, অভিবাসন ও বাণিজ্য ইস্যুতে নিয়মিত সংলাপে অংশ নিতে ইইউর একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছেন। ইইউর কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

ইইউভুক্ত দেশগুলোতে অনিয়মিত অভিবাসন বড় একটি উদ্বেগের বিষয়। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয়পক্ষ আলোচনা করবে বৈঠকে। ইইউ প্রতিনিধি দলের লক্ষ্য হলো— উভয়পক্ষের জন্য উপকারী একটি কাঠামো তৈরি করা, যা অনিয়মিত অভিবাসন রোধ এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে সাহায্য করবে।

নিজেদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে চায় ইইউ। সেই সঙ্গে  অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে তারা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর