লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪

লেখাপড়া খুবই দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন, লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না। তাদের ভেতরের সুপ্ত প্রতিভা ও মেধা যাতে বিকাশের সুযোগ হয়, তার জন্য সরকার চাচ্ছে খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই তারা তাদের লেখাপড়া শিখবে।

১৭ মার্চ (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে গোপালগঞ্জে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। দেশের প্রতিটি শিশু যাতে সুন্দর, নিরাপদ এবং উন্নত জীবন পায়- সেটাই তার সরকারের কাম্য বলে ভাষণে উল্লেখ করেন শেখ হাসিনা।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন- সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির থেকে দূরে থাকতে ছোটবেলা থেকেই সততার শিক্ষা দিতে হবে। গান-বাজনা ও লেখাপড়া, ছবি আঁকা থেকে শুরু করে ধর্মীয় শিক্ষাসহ সব ধরনের কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত করতে হবে তাদের। ছোটবেলা থেকেই তাদের ভেতরে যেন মানবিক গুণগুলো গড়ে উঠতে পারে, শিশুদের ভেতরে থাকা সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ যেন তারা পেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখবেন।

 

শিশুদের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, গুরুজনদের, শিক্ষককে মানতে হবে। বাবা-মায়ের কথা শুনে চলতে হবে। বাবা-মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এসব করলে কেউ বিপথে যাবে না।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর