এ দেশে আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ভারতের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওই মন্তব্য করে আরও বলেন, শেখ হাসিনা এলে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ ইনসাফ নিশ্চিত করতে চায় এ সরকার।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তিনি আসবেন, তাকে যদি প্রত্যর্পণ করে আনতে পারি সেই চেষ্টাই করছি আমরা। তার প্রত্যর্পণের ব্যাপারে যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা স্বাগত জানাব তাকে। শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, এ দেশের জনগণ চায় যে অপরাধ তিনি করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে