দুই বছরের যন্ত্রণা ও কষ্টের পর অবশেষে স্বস্তি ফিরেছে ৭৬ বছর বয়সী ফালু মিয়ার জীবনে। অর্থের অভাবে দীর্ঘদিন হার্নিয়ার চিকিৎসা করাতে না পারা এই বৃদ্ধের সফল অস্ত্রোপচার হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফালু মিয়া শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন ফালু মিয়া। অপারেশন তো দুরের কথা অর্থাভাবে অনেক সময় প্রয়োজনীয় ওষুধও কিনতে পারেননি তিনি। তার এমন অসহায়ত্বের বিষয়টি উপজেলা বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নানের মাধ্যমে জানতে পারেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এরপর ফালু মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন এমপি বাচ্চু।
সোমবার (৭ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ফালু মিয়ার হার্নিয়ার অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচারের পর বর্তমানে হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন ফালু মিয়া।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। দীর্ঘদিনের যন্ত্রণার পর চিকিৎসা পেয়ে আবেগাপ্লুত ফালু মিয়া বলেন, “কত জনের কাছে ঘুরলাম, কিন্তু ওষুধের টাকাও পাইনি। দুই বছর শুধু যন্ত্রণায় কেঁদেছি। অপারেশনের পর এখন মনে হচ্ছে, আমি আরও কয়েক বছর বাঁচতে পারব।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিই প্রথম হার্নিয়া অস্ত্রোপচার।
বিডি২৪অনলাইন/সি/এমকে