দেশের উত্তরাঞ্চলের ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছে। এ বিপুল সংখ্যক কৃষকের কাছে আসল ও সুদ বাবদ ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা পাওনা ছিল। মন্দ ঋণ হিসেবে এ ঋণ অনেকদিন ধরে পরিশোধ করতে পারছিলেন না তারা।
বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ ঋণ মওকুফ করা হয়েছে। দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকার গঠনের ছয় মাসের এ ঋণ মওকুফ করা হলো।
জানা গেছে, ঋণের ১০ হাজার টাকা আসল এবং বকেয়া সুদ মওকুফ করা হয়েছে কেবল। ১০ হাজার টাকার বেশি ঋণ এ সুবিধার আওতায় আসেনি। সুবিধাপ্রাপ্তদের মধ্যে রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৭৯ হাজার ২৭৮ জন প্রান্তিক কৃষক রয়েছেন। তাদের মওকুফ করা ঋণের পরিমাণ ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা। একইভাবে রাজশাহী বিভাগের আট জেলার ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা ঋণ মওকুফ হয়েছে। এসব কৃষকের বকেয়া বাবদ ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা সম্প্রতি সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে রাকাবকে পরিশোধ করা হয়েছে। এরপরই তাদের ঋণের আসল ১০ হাজার টাকা ও ঋণের সমুদয় সুদ মওকুফ করেছে ব্যাংকটি।
দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়া কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে করছেন বলে আশা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে