জেলা প্রশাসন ও দলের নেতাদের সরকারের অনুদান কোন দলীয় দৃষ্টিভঙ্গিতে প্রদান না করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১১ জুলাই) পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল, অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি এবং ব্লাড প্রেসার মেশিন বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন,সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিল। এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমানের সরকার।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন , পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য দেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়। প্রতিমন্ত্রী দোয়া মাহফিল উপলক্ষে দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন ,ছাত্রীদের হাতে বাইসাইকেল ,কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের বিপি মেশিন এবং অসহায় গরীব মহিলাদের হাতে শাড়ি তুলে দেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে