পঞ্চগড়ের
আটোয়ারী উপজেলায় অবৈধভাবে কাটা
৮টি সরকারি গাছ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। রাধানগর ইউনিয়নের রসেয়া মসজিদ মার্কেট থেকে রসেয়া দিনমারা পর্যন্ত রাস্তার দুই পাশের সরকারি এ গাছ কেটেছে মাহে
আলম ও ইউসুফ আলী
নামের স্থানীয় দুই কাঠ ব্যবসায়ী।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন ভুমি কর্মকর্তা গাছগুলো জব্দ করেন। জানা যায়, রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া হতে দক্ষিনে পাঁকা রাস্তা পর্যন্ত ৩৫৫টি কাঁঠাল গাছ কাটার দরপত্র পায় মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ী। তিনি মাহে আলম ও ইউসুফ আলীর কাছে গাছ বিক্রি করে দেন। এক লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে কার্যাদেশ নিয়ে রসেয়া মসজিদ মার্কেট থেকে রসেয়া দিনমারা পর্যন্ত রাস্তার দুই পাশের নম্বর বিহীন সরকারি শতাধিক গাছ কাটা হয়। তবে যে রাস্তার গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি হয়েছে, সেদিকে কাটা হয়নি।
স্থানীয়রা বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তার দুই পাশের কাঁঠাল,মেহগনি, আকাশমনি- শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। বাধা দিতে গেলে উপর মহলের নির্দেশেই গাছগুলো কাটা হয়েছে বলে তারা জানায়।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা বলেন,আকাশমনি ৪ টি,কাঁঠাল ৩টি, মেহগনি ১টি গাছ ও নিম গাছের একটি বল্লি জব্দ করা হয়েছে। এছাড়াও ৮৫ টি গাছ কাটা হয়েছে। অভিযুক্ত কাঠ ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, গাছগুলো দরপত্রের মাধ্যমে পেয়ে কাটা শুরু করেছি।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, নম্বর ছাড়া রাস্তার গাছ কাটা হয়েছে জানার পর পরই গাছগুলো জব্দ করে আনা হয়েছে। ঠিকাদার কাটলে তার বিরুদ্ধে অথবা যারা কাটছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে