টিআর,
কাবিখা ও কাবিটা প্রকল্পের
বরাদ্দের ক্ষেত্রে ১৫ শতাংশ কমিশন
আদায়ের ঘটনায় পঞ্চগড়ের
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বদলি করেই আপাতত দায় সারলেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ জুন) তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
সম্প্রতি বিভিন্ন প্রকল্পে বরাদ্দের বিপরীতে বাবুল চন্দ্র রায়ের ১৫ শতাংশ কমিশন আদায়ের সংবাদ বাংলাদেশ ২৪ অনলাইন- এ প্রকাশিত হয়। এ সংক্রান্ত ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়। এরপরই তার কর্মস্থল পরিবর্তনের আদেশের খবর পাওয়া যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এদিকে ঘুস কেলেঙ্কারির পর শুধু বদলি আদেশে সীমাবদ্ধ না থেকে তার ব্যাপারে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
বিডি২৪অনলাইন/সি/এমকে