রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। ৩ দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভাগের আট জেলার বালক ও বালিকা গ্রুপের মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, “শিক্ষক ও শিক্ষা অফিসাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা পেরিয়ে এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ দল নির্বাচনের জন্য খুদে ফুটবলারদের এখানে নিয়ে এসেছেন। রাজশাহী বিভাগের অনেক জায়গায় খুব ভালো ফুটবল খেলা হয় এবং ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভাবান বালক-বালিকা খেলোয়াড় বেরিয়ে আসবে।” জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অতিরিক্ত
বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন, জেলা
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।
বিডি২৪অনলাইন/সি/এমকে