রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনের অভ্যন্তরীণ সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার পর সড়কে দ্রুত ফাটল, ভারী ট্রাক চলাচলে ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রায় ৮৮ লাখ টাকা বরাদ্দে চলমান এ কাজ নিয়ে খোদ সংশ্লিষ্ট দপ্তরে চাপা গুঞ্জন শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, অনিয়ম হলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কাজ যে নিম্নমানের হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো অদৃশ্য শক্তির ইশারায় অনিয়মের মধ্য দিয়েই কাজটি সম্পন্ন হচ্ছে।
এদিকে কাজের ঠিকাদার মো. নফি বলেন, ঢালাই কাজে ৪ ইঞ্চি পরপর রডের জালি করা হয়েছে। পাথর ব্যবহার করেই কাজ চলছে। নিয়ম মেনেই কাজ করা হচ্ছে।
গোডাউন ইনচার্জ মো. মিজান হোসেন বলেন, কাজ দেখাশোনার দায়িত্বে আমি আছি। তবে সার্বিক দোয়িত্বে আছেন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ।
আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ বলেন, ঢালাইকাজে একদিকে ১০ মিলি ও অন্যদিকে ৮ মিলি রড ব্যবহার করা হচ্ছে। আমরা নিজেরাই কাজ তদারকি করছি। কোনো অনিয়ম হচ্ছে না। ঠিকাদার প্রভাব খাটিয়ে বা হুমকি-ধমকি দিয়ে কাজ করছেন, এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমনটা হচ্ছে না।
বিডি২৪অনলাইন/সি/এমকে