পাবনার চাটমোহরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের সাথে মতবিনিময় করেছেন পাবনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম। এ মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় চাটমোহরে মাদকের ভয়াবহতা, হান্ডিয়াল-জারদিস মোড় সড়কের বেহাল দশাসহ বিভিন্ন সমস্যা উঠে আসে।
এসব সমস্যা প্রসঙ্গে ডিসি বলেন, আমরা এখানে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতে এসেছি। আমার অনেক কর্মকর্তা এখানে রয়েছে। আমরা সকলে মিলে, সরকার যে দায়িত্ব দিয়েছে, সেটি যদি আমরা সচারুরূপে পালন করি, তাহলে আমাদের হয়তো বা সব সমস্যা আমাদের পক্ষে সমাধান করার সুযোগ নেই। যেহেতু এখানে অনেক বড় ধরণের প্রজেক্টেরও কথা উঠে এসেছে, কিন্তু আমাদের পযায়ে যেটুকু বাস্তবায়নযোগ্য, আমি আপনাদের কথা দিচ্ছি- আমার সর্বাত্বক প্রচেষ্টা থাকবে, সেগুলো আমার সহকর্মীদের নিয়ে বাস্তবায়নের জন্য। আর যেটা আমাদের আওতার বাইরে বা জাতীয় পযায়ে প্রজেক্ট প্রয়োজন, সে ক্ষেত্রে আমার সরকারের দৃষ্টি আকর্ষণের সুযোগ রয়েছে। তিনি বলেন, আমি সবার কথা নোট করেছি, ২৪ জন বক্তব্য দিয়েছেন। সবশেষ আমি ইউএনওর কাছে থেকে ফলোআপ করবো। যেগুলো তার পক্ষে বাস্তবায়নযোগ্য, সেগুলো সে অবশ্যই করে দেবে। আর যেটা তার পক্ষে বাস্তবায়নযোগ্য নয়, আমাদের লেভেলের সেটা আমরা করবো। আর যেটা আমাদের লেভের নয়, সেগুলো সরকারের দৃষ্টিতে নিয়ে আসার চেষ্টা করবো।
মতবিনিময় সভায় ভূমি অফিসের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি ওঠে আসে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে কড়া নির্দেশনা দিয়ে নবাগত ডিসি বলেন, সরকারি যে ফি তার এক টাকাও বেশি নেওয়া যাবে না। দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ যেন দুর্নীতিমুক্তভাবে সেবা পেতে পারে সহকারী কমিশনারকে সেটা নিশ্চিত করতে নির্দেশনা দেন ডিসি।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ. রহিম কালু, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সুজন’র চাটমোহর উপজেলা কমিটির সভাপতি ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, উপজেলা স্কাউটস্-এর সম্পাদক মো. সাইদুল ইসলাম, জুলাইযোদ্ধা মো. ফয়সাল কবির, আদিবাসী সমিতির সভাপতি আনন্দ লোহার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে প্রমূখ।
সভায় জোরালোভাবে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিস্তার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ, ইউনিয়ন ভূমি অফিসগুলোতে হয়রানি বন্ধ, দ্রুত চাটমোহর-হান্ডিয়াল সড়ক নির্মাণ, পৌরসদরে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ও গ্রামাঞ্চলে চোরের উৎপাত প্রতিরোধের দাবি জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে