ইউএনওর চোখে ধরা পড়লো অবহেলা, ৭ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬

পাবনার চাটমোহরে এক মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা মিলে ৫ জনসহ ৭ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান দাখিল পরীক্ষায় সামাদ সওদা মাদ্রাসা কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা। তাদের অপরাধ কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা। দায়িত্ব অবহেলার বিষয়টি ধরা পড়েছে কেন্দ্রটির সিসি ক্যামেরায় রেকর্ডকৃত পরীক্ষা চলাকালীন ফুটেজ পর্যালোচনায়।

রোববার (২৬ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী তাদেরকে  কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন। তার আগে পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কেন্দ্রটির সিসি ক্যামেরায় রেকর্ডকৃত পরীক্ষা চলাকালীন ফুটেজ পর্যালোচনা করেন তিনি।

দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্তরা হচ্ছেন সামাদ সওদা মাদ্রাসার সহকারি সুপার মোসলেম উদ্দিন, সহকারি শিক্ষক বায়েজীদ হোসেন, কামরুল নাহার, বুলবুলি খাতুন ও আনোয়ারা খাতুন, পাইকপাড়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক রেজাউল ইসলাম এবং নেংড়ী দাখিল মাদ্রার সহকারি শিক্ষক আবুল হাশেম। তারা সবাই ৭ নম্বর কক্ষে দায়িত্ব পালন করার সময় দায়িত্ব অবহেলা করেন।  

এদিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকে তার আইডিতে ৭  কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পর্যায়ক্রমে সব কেন্দ্রের ফুটেজ পর্যালোচনা করা হবে। সুষ্ঠু নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন তিনি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর