নাটোরের গুরুদাসপুরে রুহাই গ্রামের চকপাড়ায় এসকে মাহাবুব জামে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখল করে রেখেছে আব্দুল মোতালেব আনাম নামের এক আইনজীবী ও তার মেয়ে। অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তা দিয়ে যাতায়াতে মুসল্লীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে দখল জায়গা অবমুক্ত করার দাবিতে শুক্রবার (১৭ এপ্রিল) মসজিদের সামনে মানববন্ধন করেছেন ওই মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।
অভিযুক্ত আনাম গুরুদাসপুর পৌর সদরের কাচারী পাড়া মহল্লার বাসিন্দা ও তার মেয়ের শিউলী বেগমের স্বামীর বাড়ি উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামে।
মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, স্থানীয় কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন, আলী আহাদ ফারুকী প্রমূখ। বক্তারা বলেন- মসজিদের প্রায় ২ শতাংশ জায়গা দখল করে সেখানে বসতবাড়ি করে আছেন এ্যাড. আব্দুল মোতালেব আনাম। আনাম দীর্ঘদিন ধরে গ্রাম ছেড়ে পৌর এলাকায় বসবাস করেন। পরবর্তীতে তার মেয়ে শিউলীর নামে দখলকৃত জায়গা লিখে দিয়েছেন। বাপ-বেটি শালিস দরবার মানেন না। কারো কথাও শুনেন না। প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়। মসজিদের জায়গা সংকুচিত হয়েছে। এতে মুসল্লীদের যাতায়াতে কষ্ট হচ্ছে।
কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন- মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন অবৈধদখলদার শিউলী বেগম। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে চলে আসে।
ভুক্তভোগী আলী আহাদ বলেন- বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না।
অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- এটা আমার পৈত্রিক সম্পত্তি, যা মেয়ে শিউলীর নামে লিখে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায় না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। যেই প্রতিবাদ করেন, তার নামেই মামলার হুমিকি দেন আনাম পরিবার। হামলা-মামলার ভয়ে ওই পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।
উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে