পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সঞ্জয় কুমার রায়কে মারপিটের ঘটনায় বেলাল হোসেন (৪১) নামের একজন ও তার ছেলে নয়নকে (১৮) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
বেলাল হোসেন সদরের ঝিটকিকুরা এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। অফিসার ইনচার্জ বলেন, জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অপবাদ দিয়ে অভিযুক্ত বেলাল ও নয়ন ডা. সঞ্জয় কুমার রায়ের ওপর হামলা করে ও এলোপাতাড়ি কিলঘুষি দেয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৭ এপ্রিল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বদিউজ্জামান বাদী হয়ে দুইজনসহ আরো ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন। মামলার পর ওই দুজনকে গ্রেফতার করা হয়।
এদিকে অভিযুক্ত বেলাল হোসেন বলেন, রোগীর চিকিৎসা চলাকালীন বেগতিক অবস্থা দেখে ঠিক থাকতে না পারায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ জন্য আমি ক্ষমা চেয়েছি।
বিডি২৪২৪অনলাইন/সি/এমকে