ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের নালিশ

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১৬ এপ্রিল ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নালিশ করেছেন  ওই পরিষদের ৮ জন সদস্য। তারা  ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দুলালের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাতের  অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।

ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান দুলাল ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকার ভোগী ৩২২ জন মহিলার সঞ্চয়ের দুই লাখ ৫৭ হাজার টাকা উপকারভোগীদের মাঝে ফেরত না দিয়ে আত্মসাত করেছেন।  ২০২৪-২০২৫ অর্থবছরের জেমকন লিমিটেড পঞ্চগড় হতে আদায়কৃত ট্যাক্সের এক লাখ ২৫ হাজার টাকাও আত্মসাত করেছেন।

চেয়ারম্যান দুলাল ২০২৫-২০২৬ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স আদায়ের হিসাব পরিষদে দেননি। পরিষদের রাস্তায় পাথর ও বালুসহ অন্যান্য দ্রবাদি পরিবহনের উপর ব্যবসা কর আদায়কারীকে পারিষদের মিটিং ছাড়াই গোপনে বড় অংকের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। এছাড়া মিটিং ছাড়া একক সিদ্ধান্তে পরিষদের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিজের ইচ্ছা মতো ব্যয় করেছেন। ভিডব্লিউবির চাল আনতে ভাড়া না লাগলেও পছন্দের ইউপি সদস্য দিয়ে প্রতিমাসে আট থেকে দশ হাজার টাকা ভূয়া ভাউচার করে আত্মসাত করছেন তিনি।

অভিযোগকারীদের একজন ইউপি সদস্য সহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের দূর্নীতির শেষ নেই।  কিছু তথ্য দিয়ে অভিযোগ করেছি। এছাড়াও ঈদের আগে রাজস্ব আদায়ের কয়েক লাখ টাকা চেয়ারম্যানসহ বাকি ইউপি সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল বলেন, মনোমালিন্য থেকেই অভিযোগ করেছে ইউপি সদস্যরা । আলোচনা করে খুব শিগ্রই এটা সমাধান করা হবে। অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন, একশো ভাগ কোনটিকে বলা যাবে না যৌক্তিক না অযৌক্তিক।

তদন্তকারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, তদন্ত চলমান রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর